কুমিল্লা প্রতিনিধি: বর্তমান পরিবর্তিত রাজনৈতিক পেক্ষাপটের মধ্যেও কুমিল্লা ব্রাহ্মণপাড়ার এক শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণির ভর্তি ফরমে ‘মুজিব শতবর্ষে’র লোগো এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান ব্যবহারের ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী, অভিভাবকদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার চান্দলা ইউনিয়নের চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজে। গত সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে ওই বিতর্কিত ফরমে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হলে বিষয়টি শিক্ষার্থী ও স্থানীয়দের নজরে আসে। পরবর্তীতে ফরমের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে।
ঘটনার দায় নিয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম ভুঁইয়া এবং কলেজ শাখার ইনচার্জ আবুল কালাম আজাদ একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি করেছেন। ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম ভুঁইয়ার দাবি, কোনো সভা না করে তাকে না জানিয়েই ইনচার্জ আবুল কালাম আজাদ একক সিদ্ধান্তে এই ফরম বিতরণ করেছেন। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুসারেই কাজ হয়েছে। ফরমে এমন স্লোগান ও লোগো থাকা প্রসঙ্গে তিনি দায় কম্পিউটার অপারেটরের ভুলের ওপর চাপিয়ে দেন।
ঘটনার প্রতিবাদ জানিয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান বলেন, ছাত্র-জনতার এত বড় অভ্যুত্থানের পর ভর্তি ফরমে এ ধরনের স্লোগান ব্যবহার করার ধৃষ্টতা কীভাবে দেখানো হলো, তা খতিয়ে দেখে দ্রুত কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলেজের অ্যাডহক কমিটির সভাপতি আবুল বাশার সরকার জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঘটনার পেছনে দায়ীদের চিহ্নিত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং প্রাথমিক পদক্ষেপ হিসেবে কলেজ শাখার ইনচার্জ আবুল কালাম আজাদকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে বলা হয়েছে। তদন্ত শেষে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল করিম জানান, বিষয়টি তাদের নজরে আসার পর অধ্যক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। জড়িতদের শোকজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্তের পরেই স্পষ্ট হবে এটি নিছক ভুল নাকি উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা।
