নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেতে ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়া ও মায়ের বকুনির পর রাগ করে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে ১২ বছরের শিশু মো. হাবিবুল্লাহ নাঈম। গত ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকেলে কুড়িটোলা স্কুলরোড এলাকার নিজ বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি সে। এ ঘটনায় খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এদিকে নিখোঁজের পরদিন গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে পরিবারের কাছে একটি অজ্ঞাত নম্বর থেকে কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়, নাঈম তাদের হেফাজতে রয়েছে এবং তাকে বাথরুমে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হচ্ছে। এ সময় ফোনের ব্যাকগ্রাউন্ডে শিশুর কান্নার শব্দও শুনতে পায় পরিবার। কলটি কেটে দেওয়ার পর থেকে নম্বরটি বন্ধ রয়েছে।
ঘটনার বিবরণ
নাঈমের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে ছয় বছর বয়সী ছোট ভাই আদিলের সঙ্গে ঝগড়াকে কেন্দ্র করে মা মোছাম্মদ শরীফা খাতুন নাঈমকে বকাঝকা করেন। এতে অভিমান করে বাসা থেকে বের হয়ে যায় সে। এরপর রাত গড়ালেও নাঈম ফিরে না আসায় সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে পরিবার। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
উদ্বিগ্ন পরিবার ও পুলিশের ভূমিকা
নাঈমের চাচা গোলাম হুসাইন জানান, “অভিমান করে বের হয়ে যাওয়ার পর আমরা অনেক জায়গায় খুঁজেছি। রাত আড়াইটার সময় আসা ফোন কলের পর থেকে আমরা মারাত্মক আতঙ্কের মধ্যে আছি। ফোনে তাকে ‘হাজী বাড়ি ক্যাম্প এলাকায়’ আটকে রাখার কথা বলা হয়েছিল।”
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাব আল হোসাইন জানিয়েছেন, জিডির ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং শিশুটিকে উদ্ধারে পুলিশ কাজ করছে।
উল্লেখ্য, নিখোঁজ নাঈমের পিতা মো. বাবুল ইসলাম ও মা মোছা. শরীফা খাতুনের স্থায়ী ঠিকানা নাটোরের নলডাঙ্গা উপজেলার হাজনা নাটোর গ্রামে। তারা বর্তমানে খিলক্ষেত এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন।
