নিজস্ব প্রতিবেদক | Info Bangla
নোয়াখালী জেলা যুবলীগের আহ্বায়ক এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক ইমন ভট্টকে তাঁর নিজ বাসভবন থেকে গ্রেফতার করেছে পুলিশ। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ইমন ভট্ট নিজ বাসার সামনে অবস্থান করছেন—এমন সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত ইমন ভট্টের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ভাঙচুর ও সহিংসতার অভিযোগে সুধারাম থানায় একাধিক মামলা রয়েছে এবং তিনি এসব মামলার এজাহারনামীয় আসামি। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
রাজনৈতিক বিশ্লেষক ও অভিজ্ঞ মহলের মতে, রাজনৈতিক মতপার্থক্য ও ভিন্নমতের প্রতি সহনশীলতা গণতান্ত্রিক পরিবেশের অপরিহার্য অংশ। রাজবন্দিদের মুক্তির পরিবর্তে একের পর এক গ্রেফতার ও হয়রানির যে ধারাবাহিকতা চলছে, তা কোনোভাবেই শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য ইতিবাচক নয়। এই পরিস্থিতিতে অবিলম্বে রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানিমূলক গ্রেফতার বন্ধ করে নোয়াখালীতে শান্তি, শৃঙ্খলা, আইনের শাসন এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি উঠে এসেছে।

