নিজস্ব প্রতিবেদক | Info Bangla
কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসার পর মো. রফিকুল ইসলাম (৫৪) নামের আরও এক বন্দির মৃত্যু হয়েছে। এ নিয়ে গত আট দিনে (৬ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর) ঢামেকে আনা অন্তত পাঁচজন কারাবন্দির মৃত্যুর ঘটনা ঘটল।
আজ সোমবার সকালে অসুস্থ অবস্থায় রফিকুল ইসলামকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। তিনি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানিয়েছে কারাগার কর্তৃপক্ষ। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পর পরীক্ষা–নিরীক্ষা শেষে সকাল ৯টা ২৫ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত রফিকুল ইসলামের বাড়ি কুড়িগ্রামে এবং তাঁর বাবার নাম মো. রজব আলী। তবে তিনি কোন মামলায় কারাবন্দি ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য তা কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে গত ৭ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা আলী আকবর মণ্ডল (৬৭) নামের এক কারাবন্দি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারও আগের দিন, অর্থাৎ ৬ সেপ্টেম্বর সকালে মাত্র এক ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেক হাসপাতালে আরও তিনজন কারাবন্দির মৃত্যু হয়েছিল। ঐদিন সকাল ৭টা ২৫ মিনিট থেকে ৯টা ৫ মিনিটের মধ্যে মারা যাওয়া বন্দিরা হলেন—আবুল বাশার (৫৮), আবদুল কাইয়ম (৬২) এবং মো. শাহাদত হোসেন লিটন (৫২)। তাঁদের প্রত্যেককেই কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

