নিজস্ব প্রতিবেদক | Info Bangla

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে নিজ বিভাগে প্রথম শ্রেণিতে প্রথম হওয়ার স্বীকৃতি হিসেবে পাওয়া ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করেছেন বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী এ আর তাহসীন জাহান। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পদে ছিলেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যানের কারণ ব্যাখ্যা করেন তাহসীন। তিনি জানান, চার বছরের স্নাতকজীবনে অসংখ্য নির্ঘুম রাত ও কঠোর পরিশ্রমের পর এই পুরস্কার অর্জনের অপেক্ষায় ছিলেন। তবে রাজনৈতিক পরিচয়ের কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগে শেষ পর্যন্ত নিজের কাঙ্ক্ষিত পুরস্কারটি গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

তাহসীনের দাবি, ২০২৪ সালে রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি মবের আক্রমণের শিকার হন। কোনো ধরনের সহিংসতার সঙ্গে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও নিজ বিভাগ ও বিশ্ববিদ্যালয়ে হুমকির মুখে পড়েন। এমনকি তাকে ফাইনাল ভাইভায় অংশ নেওয়া এবং স্নাতক থিসিস জমা দেওয়ার ক্ষেত্রেও বাধার মুখে পড়তে হয়েছিল বলে জানান তিনি।

শারীরিক নিরাপত্তার কারণে ক্যাম্পাসে ফিরতে না পারলেও কয়েকজন শিক্ষক তার শিক্ষার অধিকারের পক্ষে অবস্থান নেন বলে জানান তাহসীন। তাদের সহযোগিতায় নিরাপদ স্থান থেকে অনলাইনে ফাইনাল ভাইভায় অংশ নিয়ে স্নাতক সম্পন্ন করেন তিনি।

তাহসীন বলেন, যেসব শিক্ষক তাকে এই পর্যায়ে আসতে সহযোগিতা করেছেন, তাদের প্রতি তার অপরিসীম শ্রদ্ধা। নিজের অর্জনের পেছনে তাদের অবদান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক পরিচয়ের কারণে তার মতো আরও বহু শিক্ষার্থী স্বাভাবিকভাবে শিক্ষাজীবন চালিয়ে যেতে পারছেন না বলেও দাবি করেন তাহসীন। তার প্রশ্ন, সরকার পতনের পর যদি সত্যিই গণতন্ত্র পুনরুদ্ধার হয়ে থাকে, তাহলে এসব শিক্ষার্থী এখনও কেন নিজেদের ক্লাসরুমে ফিরতে পারছেন না?

ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যানের সিদ্ধান্ত কোনো পুরস্কারকে ছোট করার চেষ্টা নয় উল্লেখ করে তাহসীন বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে শিক্ষার অধিকার হারানো সহপাঠীদের প্রতি সংহতি জানাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

নিজের বক্তব্যের শেষাংশে তিনি বলেন, ‘ন্যায়বিচার যদি সবার জন্য না হয়, তবে সেটি ন্যায়বিচার নয়।’ পাশাপাশি অন্যায়ের পরিবর্তে আরেকটি অন্যায়কে বিকল্প হিসেবে গ্রহণ করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, এ আর তাহসীন জাহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিকবিজ্ঞান অনুষদের একজন শিক্ষার্থী ছিলেন এবং একাডেমিক ইয়ার ২০২৩-এর শিক্ষার্থী হিসেবে নিজ বিভাগে প্রথম শ্রেণিতে প্রথম হন।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version