নিজস্ব প্রতিবেদক | Info Bangla

লিফটে চড়ে কয়েক সেকেন্ডেই ছয় তলায় পৌঁছানো সম্ভব। অথচ সেই লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে হেঁটে ছয় তলায় উঠলেন তারেক রহমান। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও ব্যঙ্গ-বিদ্রূপ।


সমালোচকদের ভাষ্য, একজন সরকারপ্রধানের সময় অত্যন্ত মূল্যবান। তাই প্রয়োজন ছাড়া সিঁড়ি দিয়ে ছয় তলায় ওঠার মতো কর্মকাণ্ডকে তারা সময়ের অপচয় হিসেবে দেখছেন। তাঁদের প্রশ্ন—লিফটে উঠে অল্প সময়ে গন্তব্যে পৌঁছে বৈঠক ও রাষ্ট্রীয় দায়িত্বে মনোযোগ দেওয়াই যেখানে স্বাভাবিক, সেখানে এমন প্রদর্শনমূলক কর্মকাণ্ডের প্রয়োজন কতটুকু?


এ ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদেরও অতিরিক্ত তৎপরতা চালাতে হয়েছে বলে সমালোচনা রয়েছে। ফলে সময়ের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাপনায় বাড়তি চাপ ও ব্যয়ের বিষয়টিও আলোচনায় এসেছে।


তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ বিষয়টিকে আরও ব্যঙ্গাত্মকভাবে দেখছেন। তাঁদের কটাক্ষ—“ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল” এর মতো পরিস্থিতিই যেন ২০২৬ সালে নতুন করে দেখা গেল।


সমালোচকদের কেউ কেউ বিদ্রূপ করে বলছেন, হয়তো সে সময় লিফটে বিদ্যুৎ ছিল না, তাই বাধ্য হয়েই সিঁড়ি ব্যবহার করতে হয়েছে। আবার অনেকে সরকারের সাম্প্রতিক বিভিন্ন জনসম্পৃক্ততামূলক কর্মকাণ্ডের সঙ্গে ঘটনাটিকে মিলিয়ে দেখছেন।


এর আগে ১৫০ টাকার দুপুরের খাবার খাওয়া, মোটা কাপড় পরা, সচিবালয়ে হাঁটাহাঁটি করা, শিশুদের খেলনা গাড়ি চালানো কিংবা ট্রাক চালানোর মতো কর্মকাণ্ড নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা হয়েছে।


সমালোচকদের বক্তব্য, সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে নিজেকে সম্পৃক্ত দেখানোর চেষ্টা রাজনৈতিকভাবে অস্বাভাবিক নয়। কিন্তু এসব প্রতীকী কর্মকাণ্ড দিয়ে দীর্ঘমেয়াদে জনপ্রিয়তা অর্জন করা সম্ভব নয়। জনগণের কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ দ্রব্যমূল্য, কর্মসংস্থান, আইনশৃঙ্খলা, বিদ্যুৎ, চিকিৎসা, শিক্ষা ও অর্থনৈতিক স্থিতিশীলতার মতো বাস্তব সমস্যা।


তাই সমালোচকদের পরামর্শ লোক দেখানো কর্মকাণ্ডের পরিবর্তে দেশের গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর কার্যকর সমাধানে মনোযোগ দেওয়া উচিত। জনগণ শেষ পর্যন্ত নেতার হাঁটা, পোশাক কিংবা খাবারের দামের চেয়ে রাষ্ট্র পরিচালনায় তাঁর কার্যকর ভূমিকা ও সিদ্ধান্তের ফলাফলই মূল্যায়ন করবে।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version