গোপালগঞ্জ প্রতিনিধি: সন্তানদের সামনে হাত-পা বেঁধে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। গত ৮ সেপ্টেম্বর দিবাগত রাতে উপজেলার পাটগাতি ইউনিয়নের মধ্যপাড়া খানকা মাদরাসা এলাকায় এ মর্মান্তিক ও পাশবিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর বাবা বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় যুবদলের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।

​গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—পাটগাতি ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সোহাগ কাজী এবং একই সংগঠনের কর্মী আকবর।

​স্থানীয় সূত্র ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতিবেশীদের সাথে জমিজমা ও মামলাসংক্রান্ত বিরোধের কারণে গ্রেপ্তারের আতঙ্কে ভুক্তভোগী পরিবারের পুরুষ সদস্যরা রাতে বাড়িতে থাকতেন না। গত ৮ সেপ্টেম্বর রাতে সন্তানদের নিয়ে ওই নারী একাই বাড়িতে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে ঘরের দরজা ভেঙে ৩-৪ জন ভেতরে প্রবেশ করে। এরপর সন্তানদের জিম্মি করে ওই নারীর হাত-পা বেঁধে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়।

​প্রতিহত করার চেষ্টা করতে গিয়ে আসামিদের সাথে ধস্তাধস্তির শিকার হন ওই নারী। ভুক্তভোগী জানান, “ধস্তাধস্তির একপর্যায়ে আমি একজনের দাড়ি ধরে প্রতিরোধ করার চেষ্টা করি। তখন সে আমাকে সজোরে ঘুষি মারলে আমার দাঁত পড়ে যায়। অন্ধকারের মধ্যেও আমি সোহাগ ও আকবরকে চিনে ফেলি।”

​নৃশংসতার পর গুরুতর আহত ও বিবস্ত্র অবস্থায় ভুক্তভোগী নারী প্রতিবেশীর ঘরে গিয়ে আশ্রয় চান। প্রতিবেশী আমেনা বেগম বলেন, “রাতে দরজায় শব্দ শুনে খুলতেই দেখি তিনি আমার দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছেন। শরীরে কোনো পোশাক ছিল না। আমরা দ্রুত তাকে কাপড় জড়িয়ে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।”

​পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

​ঘটনার পরদিন সকালে স্থানীয় জনতা ভুক্তভোগী নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে সোহাগ ও আকবরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা দুজনে অপরাধের কথা স্বীকার করলে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

​এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, “ভুক্তভোগীর বাবা বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ আরও দুইজনকে অজ্ঞাত আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। এজাহারনামীয় দুই আসামিকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। বাকি অজ্ঞাত আসামিদের সনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version