নিজস্ব প্রতিবেদক:
হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়ার সঙ্গে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলে এই নোটিশ পাঠান।
হামের টিকাদান কর্মসূচিকে নিরাপদ রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বাণিজ্যিক বা বেসরকারি খাতে স্থানান্তরের অশুভ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
এই সংশ্লিষ্টতার অভিযোগের তদন্ত সাপেক্ষে ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে কঠোর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে প্রাইভেট খাতে দেওয়ার অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আমি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।”
এদিকে চলতি বছর দেশে হঠাৎ করেই হামের প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সাম্প্রতিক হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী শিশু মৃত্যুর এক ভয়ংকর চিত্র উঠে এসেছে:
গত ১৫ মার্চ থেকে ১৫ আগস্ট পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৮০৩টি শিশু।হামে আক্রান্ত হয়ে সরাসরি মারা গেছে আরও ৯৯টি শিশু। এই নির্দিষ্ট সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে সর্বমোট ৯০২টি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
- স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শিশুদের সুরক্ষায় টিকাদান কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করা এবং বেসরকারি খাতে হস্তান্তরের উদ্যোগ জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি স্বরূপ। বর্তমান পরিস্থিতিতে শিশু মৃত্যুর এই ঊর্ধ্বমুখী হার রোধে জরুরি ও কঠোর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।
