নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের লালদীঘি পাড় জেলা পরিষদ ভবনে অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির লালদীঘি পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গ্রাহকদের আমানতের এই বিপুল পরিমাণ অর্থ লোপাটের ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ১০ আগস্ট ব্যাংকের লালদীঘি পূর্ব কর্পোরেট শাখার জেনারেল ম্যানেজার মোস্তাক আহমেদ বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ব্যাংকের সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেন (৪১) এবং মো. জাফরুল্লাহ তানভীরকে (২৫) আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

 মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট নিয়মিত ব্যাংকিং কার্যক্রম শেষে ভল্টে সংরক্ষিত নগদ অর্থের হিসাব মেলানোর সময় গরমিল ধরা পড়ে। পরে সংশ্লিষ্ট রেকর্ডপত্র ও নথি যাচাই করে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি নিশ্চিত করা হয়। কিন্তু ক্যাশ ইনচার্জ কামরুল হোসেন এই ঘাটতির বিষয়ে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি।

তদন্তে বেরিয়ে এসেছে অভিনব জালিয়াতির তথ্য। ভল্টে ক্যাশ জমা রাখার সময় ১ হাজার টাকার বড় বান্ডিলের ভেতরে ১০০ টাকা বা তার কম মূল্যমানের ছোট নোট ঢুকিয়ে সাজানো হতো। এতে বাইরে থেকে বান্ডিল পূর্ণ মনে হলেও ভেতরে প্রকৃত টাকার পরিমাণ কম থাকত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আত্মসাৎকৃত ওই অর্থ দিয়ে হাটহাজারীর উত্তর বুড়িশ্চর এলাকায় ‘ইশরাত এগ্রো’ নামের একটি গরুর খামার গড়ে তোলা হয়। বর্তমানে ওই খামারে ৫০ থেকে ৬০টি বিভিন্ন জাতের গরু রয়েছে।

গ্রেপ্তার জাফরুল্লাহ তানভীরের বাবা আজিম উল্লাহ দাবি করেছেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। তার দাবি, তার ছেলে ব্যাংকের কোনো কর্মকর্তা বা গ্রাহক নন। কামরুল হোসেন মাঝেমধ্যে তাকে ব্যক্তিগত লেনদেনের টাকা দিলেও ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের সাথে তার ছেলে জড়িত নন এবং ব্যাংকের পক্ষ থেকেও এর কোনো প্রমাণ দেখানো হয়নি।

 চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী আনোয়ার হোসেন বলেন, ব্যাংকের ভল্টে এত বড় অঙ্কের ঘাটতির দায় শুধু ক্যাশ ইনচার্জের ওপর ছেড়ে দেওয়া যায় না। এর সাথে ব্যাংকের শাখা ব্যবস্থাপনার তদারকি ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থাও গভীরভাবে তদন্ত করা উচিত।

মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেন জানান, গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং হোয়াটসঅ্যাপের চ্যাট রেকর্ডসহ ৬৪ জিবির একটি পেনড্রাইভ জব্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version