নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:

পাইপলাইনে গ্যাসের চাপ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় চরম জ্বালানি সংকটে পড়েছে শিল্পাঞ্চল নারায়ণগঞ্জ। জেলার মোট ৩৩টি সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে বর্তমানে ৩০টিতেই গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। তীব্র এই সংকটের কারণে পুরো জেলায় সচল রয়েছে মাত্র ৩টি সিএনজি স্টেশন।

গত কয়েক দিন ধরে চলা এই পরিস্থিতিতে চরম দুর্ভোগে পড়েছেন গণপরিবহন চালক, মালিক ও সাধারণ যাত্রীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, পর্যাপ্ত গ্যাস না থাকায় পাম্পগুলোতে যানবাহনগুলোর উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। ঢাকা ও আশপাশের এলাকার অনেক গাড়িও গ্যাস নেওয়ার জন্য নারায়ণগঞ্জের সচল পাম্পগুলোর দিকে ছুটছে, যার ফলে পাম্পের সামনে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়ে তীব্র যানজট লেগেই থাকছে।

নগরীর সস্তাপুর এলাকার মাস সিএনজি ওয়ার্কার্স লিমিটেডের কর্মকর্তা প্রকৌশলী কাজী রাকিবুল ইসলাম জানান, মেশিন সচল রাখতে যেখানে অন্তত ১৫ পিএসআই (PSI) গ্যাসের চাপ প্রয়োজন, সেখানে বর্তমানে ১ পিএসআই চাপও মিলছে না। গত কয়েক দিনে একাধিকবার ৫ থেকে ৬ ঘণ্টা করে সম্পূর্ণ গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

ভুক্তভোগী সিএনজিচালিত অটোরিকশাচালক মো. সালাউদ্দিন বলেন, “সকাল থেকে গাড়ি নিয়ে বের হয়ে সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস মেলেনি। মালিকের জমা দেওয়ার পর আয়ের আর কোনো পথ থাকছে না।” প্রাইভেটকার চালক মো. দুলাল হোসেন জানান, গ্যাস নিতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যা যাত্রীদেরও চরম ভোগান্তিতে ফেলছে।

বাংলাদেশ সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ জোনের সভাপতি সাঈদা আক্তার জানান, সংকট সমাধানে পেট্রোবাংলার চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। তারা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিলেও সুনির্দিষ্ট কোনো সময়সীমা জানাতে পারেননি। এছাড়া কোনো পূর্ব নোটিশ ছাড়াই গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন পাম্প মালিকরা।

এ বিষয়ে গ্যাস বিতরণকারী সংস্থা তিতাসের নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মনজুর আজিজ মোহন জানান, এলএনজি সরবরাহের প্রধান উৎস এফএসআরইউর (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড গ্যাসিফিকেশন ইউনিট) দুটি ইউনিটের একটিতে সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। বর্তমানে ক্ষতিগ্রস্ত ইউনিটটি মেরামত শেষে নতুন করে সংযোগ দেওয়ার কাজ চলছে।

এই কারিগরি ত্রুটির কারণেই গ্যাস সরবরাহে স্বল্পতা দেখা দিয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে নারায়ণগঞ্জসহ এই অঞ্চলের গ্যাস সরবরাহ পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version