​বিনোদন ডেস্ক: ৫ আগস্টের পর ঘরবাড়ি হারিয়ে জীবনের চরম অনিশ্চয়তায় পড়েছিলেন জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’-এর রাহুল আনন্দ। সেই ভয়াল দিনগুলোর পর ৭ আগস্ট স্ত্রী ও সন্তানকে নিয়ে কীভাবে ফের আগুনের মুখ থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছিলেন, তার এক রোমহর্ষক বর্ণনা দিয়েছেন এই শিল্পী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে নিজের জীবনের সেই দুঃসহ স্মৃতির কথা তুলে ধরেছেন তিনি।

​রাহুল আনন্দ জানান, ২০২৪ সালের ৫ আগস্ট রাতে যখন কোনো উপায় ছিল না, তখন রাত আড়াইটায় এক বন্ধু তাকে ও তার পরিবারকে নিজের বাড়িতে আশ্রয় দেন। তবে সেই আশ্রয়ও বেশিদিন স্থায়ী হয়নি। মাত্র দুই দিনের মাথায়, ৭ আগস্ট সেই ভবনেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়। রাহুল লেখেন, “বিল্ডিংয়ের নিচের কলাপ্সিবল গেট তালা আটকে আগুন দেওয়া হয়েছিল। আমরা ছিলাম তৃতীয় তলায়। গ্যারেজে দুইটা গাড়িতে ও দ্বিতীয় তলায় আগুন দেওয়া হয়েছিল। বাঁচব ভাবিনি। বন্ধুর কন্যা আর নিজের স্ত্রী-পুত্রের হাত ধরে মৃত্যুর জন্য দাঁড়িয়ে ছিলাম আমরা।”

​অগ্নিসংযোগের সময় ঘরের ভেতরের করুণ পরিস্থিতির বর্ণনা দিয়ে তিনি লেখেন, “দাঁড়ানোও যাচ্ছিল না, ফ্লোর এতটা গরম হয়ে উঠছিল। সেদিন জেনেছি—সবচেয়ে বড় আর ভয়ংকর দৈত্যের নাম ‘ধোঁয়া’। কালো ভারী ধোঁয়ায় নীল হয়ে গিয়েছিল আমার শিশুপুত্র। টের পাচ্ছিলাম দমের সাথে ধোঁয়া ঢুকে শ্বাসনালী পুড়িয়ে দিচ্ছিল, ভেতরটা তীব্রভাবে জ্বলছিল। সেই ভয়ংকর ধোঁয়ার মধ্যে স্ত্রী ঊর্মিলা শুধু বলছিলেন—’রাহুল, আমি আর পারছি না!'”

​তবে সেই চরম মুহূর্তে বন্ধুর কন্যার সাহসিকতা ও অলৌকিক কৃপায় জীবন বাঁচে তাদের। সেদিনের কথা স্মরণ করে রাহুল আনন্দ বলেন, এই মেয়ের কাছে তিনি চিরঋণী এবং তাকে এখন নিজের কন্যা বলেই মনে করেন। পরবর্তীতে অন্য বন্ধুরা এসে তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

​ঘরবাড়ি হারিয়ে এখনো স্থায়ী হতে পারেননি এই শিল্পী। বর্তমানে নবম আশ্রয়ে দিন কাটাচ্ছেন জানিয়ে তিনি লেখেন, “ঘর বাঁধিনি এখনো… উড়ছি আর ঘুরছি। পৃথিবী দেখছি… বাউলের বেশে… মানুষ ভালোবেসে।”

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version