নিজস্ব প্রতিবেদক | Info Bangla

​পূর্ব শত্রুতার জের ধরে নরসিংদীর রায়পুরায় প্রতিপক্ষের হামলায় মোমেন মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। হামলায় নিহতের মাথায় ও পায়ে গুলি করা হয়। রোববার (২ আগস্ট) সকালে উপজেলার চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি এলাকায় নিজ বাড়িতে ঢুকে এ অতর্কিত হামলা চালানো হয়। রক্তক্ষয়ী এই সংঘর্ষে আরও অন্তত তিনজন গুলিবিদ্ধসহ গুরুতর আহত হয়েছেন।

​নিহত মোমেন মিয়া সদাগরকান্দি গ্রামের মৃত ধন মিয়ার ছেলে। আহতরা হলেন—একই এলাকার মোবারক (৬৫), নাজমুল হোসেন (৩০) ও রুহুল আমিন (৩৭)। তারা বর্তমানে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

​স্থানীয় ও স্বজনদের সুত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ‘ফরিদ গ্রুপ’ এবং ‘মোমেন চেয়ারম্যান গ্রুপ’-এর মধ্যে কোন্দল চলছিল। ইতিপূর্বে স্থানীয় সংসদ সদস্যের মধ্যস্থতায় সমঝোতা হলেও পরবর্তীতে আবারও সংঘাত দেখা দেয়। এরই ধারাবাহিকতায় রোববার সকালে ফরিদ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোমেনের বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা মোমেনকে লক্ষ্য করে নিকট থেকে মাথায় ও পায়ে গুলি ছুড়লে তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিনিতা জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই চরম রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণায় মনে হচ্ছে। আনা মাত্রই তার রক্তচাপ ও পালস পাওয়া যায়নি।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। নতুন করে যেন আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য পুরো এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version