সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার সাঁথিয়ায় আব্দুস শুকুর (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার ভূলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়া এলাকার একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আব্দুস শুকুর উপজেলার ভূলবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এবং আতাইকুলা থানার রতনপুর গ্রামের মৃত রোকন প্রামাণিকের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (১৭ জুলাই) রাত ৯টার দিকে আব্দুস শুকুর নৈশভোজ শেষে বাড়ি থেকে বের হন। গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন আত্মীয়-স্বজন ও পরিচিতজনের বাড়িতে খোঁজ নেন। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। আজ শনিবার সকালে পরিবারের পক্ষ থেকে বিষয়টি আতাইকুলা থানায় জানানো হলে পুলিশ তল্লাশি শুরু করে।
পরবর্তীতে বিকেলে রতনপুর এলাকার উজিরের বাঁশঝাড়ে একটি গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে আতাইকুলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের পরিবার ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আব্দুস শুকুরের বলে শনাক্ত করেন।
নিহতের স্বজনদের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। তবে ঠিক কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি পরিবার।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ ইতিবাচকভাবে কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
