​ঢাকা, ১২ জুলাই ২০২৬ (নিউজ ডেস্ক):

দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলের ১১টি জেলায় চলমান ভয়াবহ বন্যা ও পাহাড় ধসে এ পর্যন্ত অর্ধশতাধিক মানুষের প্রাণহানি এবং লাখ লাখ মানুষের চরম দুর্গতিতে গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। রোববার (১২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি এই উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে।

​বিবৃতিতে বলা হয়, বন্যাকবলিত এলাকার কোটি মানুষের হাহাকার আর বুক-সমান পানিতে নিমজ্জিত রাজধানী ঢাকার নজিরবিহীন জলাবদ্ধতায় যখন সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত, তখন সরকারের চরম নির্লিপ্ততা ও উদাসীনতা দেশবাসীকে গভীরভাবে ক্ষুব্ধ ও হতাশ করেছে। একদিকে যখন মানুষ আশ্রয়হীন এবং খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে থাকা বান্দরবান, সিলেট, সুনামগঞ্জ, খাগড়াছড়ি ও ফেনীর লাখ লাখ মানুষ বেঁচে থাকার আকুতি জানাচ্ছে, অন্যদিকে ঢাকার রাজপথ প্রমত্ত নদীতে পরিণত হয়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন।

​ঠিক সেই চরম দুঃসময়ে দেশের প্রধানমন্ত্রীর সস্ত্রীক ঢাকা মেডিক্যাল কলেজে উৎসবমুখর পরিবেশে হাস্যোজ্জ্বল সেলফি তোলার ঘটনা দেশের সচেতন নেটিজেন ও আপামর জনমনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, জনগণের চরম বিপদের দিনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এমন সংবেদনহীনতা ও তামাশা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। দুর্যোগকালে জনগণকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে এমন আত্মতুষ্টির রাজনীতি বর্তমান সরকারের অদূরদর্শিতা ও দায়িত্বজ্ঞানহীনতারই বহিঃপ্রকাশ।

​বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জনগণের প্রতি অকৃত্রিম দায়বদ্ধতা থেকে অতীতে প্রতিটি জাতীয় ও বৈশ্বিক দুর্যোগে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার সবসময়ই জনগণের ঢাল হিসেবে অবতীর্ণ হয়েছিল। ২০১৭ ও ২০২২ সালের সিলেট ও উত্তরবঙ্গের স্মরণকালের ভয়াবহ বন্যায় জননেত্রী শেখ হাসিনা নিজে দুর্গম এলাকায় ছুটে গিয়ে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে দ্রুততম সময়ে উদ্ধার অভিযান, আশ্রয়কেন্দ্র স্থাপন এবং পুনর্বাসনের এক অনন্য নজির সৃষ্টি করেছিলেন। ১৯৯৮ সালের বন্যা মোকাবেলার ক্ষেত্রে শেখ হাসিনার ভূমিকায় বিশ্ববাসী অবাক হয়েছিল। এমনকি কোভিড-১৯ মহামারির বৈশ্বিক দুর্যোগে যখন সারাবিশ্ব থমকে গিয়েছিল, তখনও শেখ হাসিনার সরকার অত্যন্ত তড়িৎ ও দূরদর্শী পদক্ষেপে ঘরে ঘরে বিনামূল্যে ভ্যাকসিন পৌঁছে দিয়েছে এবং নিম্নবিত্তদের জন্য বিশাল অর্থনৈতিক প্রণোদনা ও খাদ্য সহায়তা নিশ্চিত করে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছিল।

​আওয়ামী লীগ দাবি করে, বর্তমান সরকারের প্রশাসনিক ব্যর্থতা, সমন্বয়হীনতা এবং দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির অভাবের কারণে দেশবাসীকে চরম মূল্য দিতে হচ্ছে। মাঠপর্যায়ে এখনও পর্যন্ত কার্যকর ও পর্যাপ্ত ত্রাণ সহায়তার ব্যবস্থা করা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।

​বিবৃতিতে বর্তমান সরকারকে অবিলম্বে উৎসবমুখর বিলাসিতা পরিহার করে বন্যাদুর্গত এলাকায় জরুরি ভিত্তিতে পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি ও জীবনরক্ষাকারী ওষুধ সরবরাহের জোর দাবি জানানো হয়। একই সাথে আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের উদ্ধার ও মানবিক সহায়তায় ঝাঁপিয়ে পড়ার উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

​দলটি জানায়, দেশবাসীর যেকোন সংকটে বাংলাদেশ আওয়ামী লীগ অতীতের মতো সবসময়েই পাশে থাকতে অঙ্গীকারাবদ্ধ।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version