নিজস্ব প্রতিবেদক | Info Bangla
কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের হামলায় মো. শরিফুল ইসলাম নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে আদর্শ সদর উপজেলার ধনপুর গ্রামে এ ঘটনা ঘটে। শরিফুল ইসলাম (৩২) নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা নগরীতে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ধনপুর এলাকার মহসিন মিয়ার দোকানে একদল দর্শক আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ফুটবল ম্যাচ দেখছিলেন। সেখানে শরিফুলও ছিলেন। আরেক অটোচালক আবদুর রহিম বলেন, পেনাল্টিতে গোল করতে না পারায় মেসিকে নিয়ে কটূক্তি করেন শরিফুল। এ সময় আর্জেন্টিনা সমর্থক হিসেবে পরিচিত বাবু, মাইন উদ্দিন মালুসহ কয়েকজন ক্ষুব্ধ হয়ে শরিফুল ইসলামকে মারধর করেন। আশপাশের মানুষ তাঁকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গতকাল বুধবার সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার সমকালকে বলেন, নিহত ব্যক্তি কোন ফুটবল টিমের সমর্থক ছিলেন, এটা দেখার বিষয় নয়। তাঁকে হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামলা দিতে পরিবারকে বলা হয়েছে।
