কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক রোগীর শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পা নিখোঁজ হওয়ার এক চাঞ্চল্যকর ও অবিশ্বাস্য অভিযোগ উঠেছে। বুধবার (০৮ জুলাই) বিকেলে হাসপাতালটির ওটিতে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও ওই রোগীর ডান পা পাওয়া যায়নি। পরে চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যু হলে, পায়ের অংশ ছাড়াই মরদেহ নিয়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হন স্বজনরা।

নিহত হাসেম আলী (৬০) কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার আব্দালপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ইবি থানার শাহপুর নতুন মসজিদ মোড় এলাকায় একটি ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানযাত্রী হাসেম আলী গুরুতর আহত হন এবং সংঘর্ষের তীব্রতায় তার ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিচ্ছিন্ন পাসহ দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই হাসেম আলী মৃত্যুর কোলে ঢলে পড়েন। তবে মৃত্যুর পর স্বজনরা মরদেহ বুঝে নিতে গেলে দেখা যায় ওটিতে তার বিচ্ছিন্ন পা-টি নেই। ওটির ভেতরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও কর্তব্যরত স্টাফরা পা’টির কোনো সন্ধান দিতে পারেননি।

হাসপাতাল কর্তৃপক্ষের এমন চরম উদাসীনতায় ক্ষোভ ফেটে পড়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা। নিহতের প্রতিবেশী ও আব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার স্বপন বলেন:

“হাসেম আলী আমার প্রতিবেশী চাচাতো ভাই। হাসপাতালের স্টাফদের চরম গাফিলতি ও দায়িত্বজ্ঞানহীনতার কারণেই অপারেশন থিয়েটারের ভেতর থেকে একটি মানুষের পা গায়েব হয়ে গেছে। আমরা এই ঘটনার রহস্য উদঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, “আমি রাতেই শুনেছি যে, রোগী হাসপাতালে আসার পর স্টাফরা বিচ্ছিন্ন পায়ের অংশটি স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছিলেন। এরপর কী ঘটেছে তা আমার জানা নেই। তবে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, “বিষয়টি সম্পর্কে এখনো পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে নিহতের পরিবার বা হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ করলে তদন্ত করে দেখা হবে। কারও গাফিলতি বা অপরাধ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

একটি সরকারি হাসপাতালের সুরক্ষিত অপারেশন থিয়েটার থেকে রোগীর অঙ্গ নিখোঁজ হওয়ার এই ঘটনায় সাধারণ মানুষ ও সুশীল সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version