বরিশাল প্রতিনিধি:
বরিশালে যুবদল নেতা মোস্তাফিজুর রহমান লিটুর বিরুদ্ধে চাঞ্চল্যকর চাঁদাবাজির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, বরিশাল অগ্রনী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে ও শারীরিক নির্যাতনের মাধ্যমে দুটি চেক এবং দুটি স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়েছে।
ভুক্তভোগী পক্ষের দাবি, অভিযুক্ত যুবদল নেতা লিটু ও তার সহযোগীরা চাঁদা আদায়ের উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড শুধু আইনশৃঙ্খলার জন্যই হুমকি নয়, বরং সংশ্লিষ্ট রাজনৈতিক দলের ভাবমূর্তির জন্যও মারাত্মক ক্ষতিকর। তারা বলেন, অপরাধী যে দলেরই হোক, তাকে ছাড় দেওয়া হলে সাধারণ মানুষের নিরাপত্তা চরমভাবে প্রশ্নবিদ্ধ হবে।
সচেতন মহলের দাবি, ঘটনাটি দ্রুত তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। পাশাপাশি জোরপূর্বক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ সত্য হলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
এ বিষয়ে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুর বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।
স্থানীয়দের দাবি—অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনা হোক।

