ঢাকা: ২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে ঘটে যাওয়া নৃশংস জঙ্গি হামলায় নিহত সাত জাপানি নাগরিককে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভয়াবহ সেই ঘটনার ১০ বছর পূর্তি উপলক্ষে জাপানের খ্যাতনামা সংবাদ সংস্থা ‘জিজি প্রেস’-কে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এই শ্রদ্ধা জানান।
শেখ হাসিনা বলেন,
“সন্ত্রাসীরা তাঁদের জীবন কেড়ে নিতে পেরেছে, কিন্তু বাংলাদেশের উন্নয়নে তাঁদের অবদান মুছে ফেলতে পারেনি। ২০১৬ সালের ১ জুলাই এমন একটি দিন, যা বাংলাদেশ কখনো ভুলতে পারবে না।”
বার্তায় তিনি সে সময় দেশের প্রধানমন্ত্রী হিসেবে হামলা-পরবর্তী পরিস্থিতি দৃঢ়তার সাথে মোকাবিলা এবং সরকারি কার্যক্রমের নেতৃত্ব দেওয়ার স্মৃতিও স্মরণ করেন।
নিহত জাপানি নাগরিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ জাপানের এই অপূরণীয় ক্ষতি ও শোক সমানভাবে ভাগ করে নিয়েছে। আমি আবারও তাঁদের পরিবার, স্বজন ও প্রিয়জনদের প্রতি আমার গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানাই।”
২০১৬ সালের সেই কালরাত্রিতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জিম্মি দশায় দেশি-বিদেশি মোট ২০ জন নিরীহ মানুষ নিহত হন, যাদের মধ্যে ৭ জনই ছিলেন জাপানের নাগরিক। নিহত জাপানি নাগরিকরা ছিলেন উচ্চপদস্থ প্রকৌশলী ও বিশেষজ্ঞ।
তাঁরা জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-র অর্থায়নে বাস্তবায়িত ঢাকার প্রথম মেগা প্রকল্প ‘মেট্রোরেল’-এর নির্মাণকাজের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন।
শেখ হাসিনা তাঁর বার্তায় পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশের আধুনিক যোগাযোগ ব্যবস্থা ও সার্বিক উন্নয়নের পেছনে এই জাপানি বিশেষজ্ঞদের অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে। কোনো কাপুরুষোচিত সন্ত্রাসী কর্মকাণ্ড এই গৌরবোজ্জ্বল অবদানকে ম্লান করতে পারবে না।
