নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যম NDTV-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি খুব শিগগিরই বাংলাদেশে ফিরে আসবেন এবং দেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের পক্ষে দাঁড়াবেন। তার এই মন্তব্য গত দুই দিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুরুত্বের সঙ্গে প্রচারিত হচ্ছে।বিশ্বের অন্তত ৯০টিরও বেশি গণমাধ্যম তার সাক্ষাৎকারের বিভিন্ন অংশ প্রকাশ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো Reuters, Deutsche Welle, AFP, Gulf News, The Times of India এবং CNN যারা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তাদের শীর্ষ প্রতিবেদনে স্থান দিয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট এক বিতর্কিত অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর থেকেই দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।
এদিকে, শেখ হাসিনাকে ঘিরে যেকোনো সংবাদ আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে, যা অভ্যুত্থান-পরবর্তী একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা বর্তমান রাজনৈতিক দল বিএনপির জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে।দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ সংকট, শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়া এবং ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থার মতো নানা ইস্যুতে জনঅসন্তোষ বাড়ছে। এমন প্রেক্ষাপটে তারেক রহমানের সরকারের ওপর চাপ আরও বাড়ছে বলে বিশ্লেষকদের ধারণা। এর সঙ্গে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের খবর রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করছে এবং ক্ষমতাসীনদের জন্য মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছে।
অন্যদিকে, শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনার খবরে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী এবং নিম্নআয়ের সাধারণ মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতৃত্বের প্রত্যাবর্তনের সম্ভাবনা তাদের মধ্যে রাজনৈতিকভাবে নতুন উদ্দীপনা সৃষ্টি করছে।
