নিজস্ব প্রতিনিধি ::


চট্টগ্রামের মিরসরাইয়ে সরকারি চাকুরী বিধিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তারের বিরুদ্ধে। রবিবার (২৪ মে) সকালে মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শামসুন্নাহার-এর সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনওর উপস্থিতি স্থানীয় মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।


জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ওই অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা এমপি শামসুন্নাহার। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার উপস্থিত থেকে বক্তব্য দেন এবং অতিথিদের সঙ্গে মঞ্চে অবস্থান করেন বলে অভিযোগ পাওয়া গেছে।


সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ অনুসারে, সংবিধান এবং রাষ্ট্রীয় প্রশাসনিক কাঠামো অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মচারীরা সবসময় জনগণের সেবক এবং তারা সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন। সরকারের কোনো উন্নয়নমূলক প্রকল্প বা রাষ্ট্রীয় আনুষ্ঠানিক কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধিদের (যারা রাজনৈতিক দলের হতে পারেন) সাথে ইউএনও উপস্থিত থাকতে পারেন, কারণ সেটি রাষ্ট্রীয় দায়িত্ব। কিন্তু সেটি যখন কোনো রাজনৈতিক দলের নিজস্ব দলীয় আয়োজন, আনন্দ মিছিল বা রাজনৈতিক সংবর্ধনা হয়, তখন সেখানে ইউএনও-র উপস্থিত থাকার কোনো আইনি সুযোগ নেই।


স্থানীয় সচেতন মহলের দাবি, একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ইউএনওর রাজনৈতিক দলের আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ সরকারি কর্মচারী আচরণ বিধিমালার পরিপন্থী। সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক কর্মকাণ্ড ও দলীয় অনুষ্ঠানে সম্পৃক্ত না থাকার বিষয়ে স্পষ্ট নির্দেশনা থাকলেও তা উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।


নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, “সরকারি প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো রাজনৈতিক দলের অনুষ্ঠানে একজন ইউএনওর উপস্থিতি প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করে।”


তবে এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইউএনওর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এদিকে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বিষয়টিকে শিষ্টাচারমূলক উপস্থিতি হিসেবে দেখলেও অনেকে সরকারি চাকুরী বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেন।

Leave A Reply

Exit mobile version