নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেট বিভাগে আশঙ্কাজনক হারে দ্রুত ছড়িয়ে পড়ছে হাম ও নিউমোনিয়া। এই উদ্ভূত পরিস্থিতিতে বিভাগে একদিনে হামের উপসর্গ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চার শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
সংশ্লিষ্টদের মতে, বিভাগে হামের উপসর্গে একদিনে চার শিশুর মৃত্যুর ঘটনা এটিই প্রথম। একই সময়ে নতুন করে আরও ৪৩ জন আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।গতকাল শুক্রবার (২২ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এই চার শিশুর মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হাম ও এর উপসর্গে মোট ৫১ শিশুর মৃত্যু হলো।বর্তমানে পুরো বিভাগে ২৯৫ জন সন্দেহভাজন হাম রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রতিদিন নতুন নতুন রোগী বাড়তে থাকায় চিকিৎসাকেন্দ্রগুলোতে রোগীর চাপ ক্রমাগত বাড়ছে। হঠাৎ করে হাম ও নিউমোনিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় স্থানীয় অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ বিশেষ নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।
