নিজস্ব প্রতিবেদক, খুলনা | ইনফো বাংলা

​খুলনায় খাদ্য পরিবহন (সড়ক পথ) ঠিকাদার সমিতির সাবেক সহ-সভাপতি শেখ হারুনুর রশিদের ওপর গুলির ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— খাদ্য পরিবহন (সড়ক পথ) ঠিকাদার সমিতির বর্তমান আহবায়ক ও জামায়াত নেতা এস এম আজিজুর রহমান স্বপন এবং সমিতির সদস্য ও শিবির নেতা তাকিবুর রহমান। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাদের দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরের পর আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনার পর থেকে মামলার বাকি আসামিরা পলাতক রয়েছে।

​এর আগে গত মঙ্গলবার রাতে আহত ঠিকাদার হারুনুর রশিদের ভাগ্নে আনিসুজ্জামান বাদী হয়ে আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৭/৮ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, আসামিরা বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে অনাধিকার প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে তার মামার ওপর গুলি চালায়।

​মামলার তদন্ত কর্মকর্তা এসআই জুয়েল রানা জানান, মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি জানার জন্য বর্তমান কমিটির আহবায়ক এস এম আজিজুর রহমান স্বপন ও সদস্য তাকিবুর রহমানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। রাতে আহতের ভাগ্নে মামলা দায়ের করার পর তাদের দু’জনকে গ্রেপ্তার দেখানো হয়। বুধবার দুপুরের পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে তাদের রিমান্ডের আবেদন করা হবে। অস্ত্রধারী কে ছিলেন— এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং তদন্ত শেষ হলে সবকিছু পরিষ্কার হবে। সেই সাথে অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

​উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরের দিকে খানজাহান আলী রোডস্থ আল হেরা জামে মসজিদের তৃতীয়তলায় অবস্থিত খুলনা খাদ্য পরিবহন (সড়ক পথ) ঠিকাদার সমিতির কার্যালয়ে একটি আলোচনা সভা চলছিল। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সভা চলাকালীন একটি গ্রুপ সমিতি দখলের উদ্দেশ্যে সেখানে প্রবেশ করে অপর গ্রুপের ওপর আকস্মিক হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে সমিতির সাবেক সহ-সভাপতি শেখ হারুনুর রশিদ গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

Leave A Reply

Exit mobile version