সোনাইমুড়ী প্রতিনিধি:


নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় দেওয়ালে ‘জয় বাংলা’ লেখার অপরাধে এক ছাত্রলীগ কর্মীকে দোকান থেকে তুলে নিয়ে সারারাত নির্যাতন করার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল ও যুবদল নেতাদের বিরুদ্ধে। নির্যাতনের পর মুক্তি দেওয়ার আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার পর, অবস্থা আশঙ্কাজনক দেখে ভোররাতে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে পুলিশ তাকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে মাইজদী কারাগারে পাঠিয়েছে।


​ভুক্তভোগী ওই ছাত্রলীগ কর্মীর নাম রাসেল।
​স্থানীয় সূত্রে জানা যায়, সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগ কর্মী রাসেল দেওয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লিখছিলেন। এই ঘটনার জেরে রাত ১০টার দিকে স্থানীয় একটি দোকান থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যান সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা এবং উপজেলা যুবদল নেতা পলাশসহ বেশ কয়েকজন।


​অভিযোগ রয়েছে, রাসেলকে আটকে রেখে সারারাত নির্মম নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তাকে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকাও আদায় করে অভিযুক্তরা। কিন্তু নির্যাতনের কারণে রাসেলের শারীরিক অবস্থার অবনতি ঘটলে, পরিস্থিতি বেগতিক দেখে ভোররাতে তাকে সোনাইমুড়ী থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।


​পরবর্তীতে পুলিশ ছাত্রলীগ কর্মী রাসেলকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে মাইজদী জেলহাজতে প্রেরণ করে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Leave A Reply

Exit mobile version