মার্কিন চুক্তি নিয়ে জামায়াতকে কিছুই জানায়নি সরকার: রংপুরে ডা. শফিকুর রহমান
নিজস্ব প্রতিনিধি :
আমেরিকার সঙ্গে চুক্তি করার সময় অন্তর্বর্তীকালীন সরকার জামায়াতে ইসলামীকে সম্পূর্ণ অন্ধকারে রেখেছিল বলে তীব্র ক্ষোভ ও দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৫ মে) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমিতে মহানগর জামায়াত আয়োজিত এক সুধী সমাবেশে যোগ দেওয়ার আগে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।
‘আমাদের সঙ্গে একটা শব্দও উচ্চারণ করা হয়নি’
মার্কিন চুক্তির বিষয়ে সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, “আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, তৎকালীন সরকারের পক্ষ থেকে কোনো একজন মানুষও এই চুক্তি নিয়ে আমাদের সঙ্গে একটা শব্দও উচ্চারণ করেনি। এটাই হচ্ছে আমাদের পরিষ্কার অবস্থান।”
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আপসহীন অবস্থান
তিস্তা নদী ও উত্তরবঙ্গের মানুষের অধিকারের প্রশ্নে নিজের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন জামায়াত আমির। তিনি বলেন, “আমরা পদ্মা ব্যারাজের উদ্যোগকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। কিন্তু তা কোনোভাবেই তিস্তার বিনিময়ে নয়।”
নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান স্পষ্ট জানিয়ে দেন, জামায়াত একটি গণতান্ত্রিক ও নির্বাচনমুখী দল। তারা ভোটের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন চায়।
“আমরা সব নির্বাচনে অংশ নিয়েছি এবং এবারও স্থানীয় সরকার নির্বাচনের সব স্তরে জামায়াত অংশগ্রহণ করবে।”
তবে সাম্প্রতিক উপ-নির্বাচনগুলোর অভিজ্ঞতা ভালো নয় উল্লেখ করে তিনি বলেন, “জাতীয় নির্বাচনের পর শেরপুর ও বগুড়ার উপ-নির্বাচনে যে কাণ্ড-কারখানা হয়েছে, তা আপনারা সবাই দেখেছেন। ফলে আগামী নির্বাচনগুলো আদৌ সুষ্ঠু হবে কি না, তা নিয়ে আমরা যথেষ্ট শঙ্কিত।”
সবশেষে দেশের মানুষকে নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির একটি শক্তিশালী বার্তা দেন। তিনি বলেন, “সব রোগের একমাত্র ওষুধ হচ্ছে জনগণের ম্যান্ডেট। জনগণ একবার জেগে উঠলে সব অন্যায়-অনিয়ম ঠিক হয়ে যায়।”
