নিজস্ব প্রতিবেদক | লালমনিরহাট
লালমনিরহাট পৌরসভার আধুনিক স্ট্রিট লাইট উদ্বোধনী অনুষ্ঠানে উন্নয়নের আলোর চেয়েও বেশি উজ্জ্বল হয়ে ধরা দিল এক সরকারি কর্মকর্তার ‘শ্রদ্ধা’। মাত্র ১ মিনিট ৪৫ সেকেন্ডের বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে গুনে গুনে ৪৯ বার ‘স্যার’ সম্বোধন করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন পৌর প্রশাসক ও ডিডিএলজি মো. রাজীব আহসান।
সোমবার (১১ মে) সন্ধ্যায় লালমনিরহাট রেলওয়ে স্টেশনের রিকশা স্ট্যান্ডে আয়োজিত এক অনুষ্ঠানে এই অভাবনীয় ঘটনাটি ঘটে। আধুনিক স্ট্রিট লাইট উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দিতে মঞ্চে ওঠেন পৌর প্রশাসক রাজীব আহসান। ঘড়ির কাঁটায় তার বক্তব্য স্থায়ী ছিল মাত্র ১০৫ সেকেন্ড। কিন্তু এই স্বল্প সময়ে তিনি মন্ত্রীকে সম্বোধনের ক্ষেত্রে এতটাই ‘তৎপর’ ছিলেন যে, গড়ে প্রতি ২.১৪ সেকেন্ডে একবার করে ‘স্যার’ শব্দটি উচ্চারণ করেছেন। উপস্থিত জনতা এবং কর্মকর্তাদের মধ্যেও বিষয়টি নিয়ে কানাঘুষা শুরু হয়।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্তাব্যক্তিদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। জেলা প্রশাসক মো. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক এবং পুলিশ সুপার আসাদুজ্জামানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সোশ্যাল মিডিয়ায় এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই চলছে রসালো আলোচনা। কেউ বলছেন, এটি নিছক সম্মান প্রদর্শন; আবার কেউ বলছেন, পদোন্নতি বা সুনজরে আসার জন্য এটি ‘চাটুকারিতার’ চরম পরাকাষ্ঠা। ১০৫ সেকেন্ডে ৪৯ বার স্যার বলার এই রেকর্ড সহজে ভাঙবে না বলেই মনে করছেন অনেকে।
