নিজস্ব প্রতিবেদক | ঢাকা ৭ মে, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। আগামী ১৩ মে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে বৃহস্পতিবার (৭ মে) সাদিক কায়েমের ঘনিষ্ঠ একাধিক সূত্র নিশ্চিত করেছে।
সাদিক কায়েমের হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজি। তিনি পেশায় একজন চিকিৎসক (এমবিবিএস)। আনিকার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। তার বাবা রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠানের নীতি-নির্ধারণী পর্যায়ে যুক্ত রয়েছেন।
জানা গেছে, বিয়ের মূল আয়োজন দুটি অংশে সম্পন্ন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ডাকসুর সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে বিয়ের ‘আকদ’ সম্পন্ন হবে। এরপর রাজধানীর একটি অভিজাত কনভেনশন সেন্টারে মূল বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
এদিকে, ডাকসু ভিপির বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ডাকসু নেতা মাজহারুল ইসলামের তৈরি করা একটি বিয়ের কার্ডের ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের কর্মীরা তাকে শুভকামনা জানাচ্ছেন। উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হয়ে আলোচনায় আসেন সাদিক কায়েম। এবার ব্যক্তিগত জীবনের নতুন ইনিংস শুরু করতে যাওয়ায় আবারও তিনি পাদপ্রদীপের আলোয় চলে এলেন।
