নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ | মঙ্গলবার, ৫ মে ২০২৬

​নারায়ণগঞ্জ শহরের বোয়ালিয়া খাল এলাকায় মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। হামলায় র‍্যাবের তিন সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে। আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

​আহতদের মধ্যে র‍্যাব সদস্য মাহী ও ইব্রাহীমকে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এসআই নজিবুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে র‍্যাব সদস্যরা দুপুরে ওই এলাকায় অভিযানে যান। এসময় একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং কুপিয়ে জখম করে।

​ঘটনার খবর পেয়ে র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে আহতদের দেখতে হাসপাতালে যান। হামলার পরপরই অপরাধীদের ধরতে ওই এলাকায় র‍্যাবের পক্ষ থেকে সাঁড়াশি অভিযান শুরু করা হয়েছে।

​এ বিষয়ে র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, ঘটনার পর এলাকায় অভিযান জোরদার করা হয়েছে। তবে তদন্ত ও অভিযানের স্বার্থে এখনই বিস্তারিত জানানো যাচ্ছে না। শীঘ্রই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘটনার বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।

Leave A Reply

Exit mobile version