নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রাজধানীর প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদসহ চারজনকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার হওয়া অন্য আসামিরা হলেন— মো. রিয়াদুল হাওলাদার, মো. আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদার। তারা সবাই একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গুলশান থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী নির্জন সরদার বাঁধন বাদী হয়ে রাজ্জাকসহ ১১ জনের নাম উল্লেখ করে এই হত্যাচেষ্টা মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ২২ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ৪১২ নম্বর রুমে আসামিদের সঙ্গে নির্জনের সাক্ষাৎ হয়। সেখানে আসামিরা তাকে স্থায়ী ক্যাম্পাস এবং কনভোকেশনে অংশগ্রহণের বিষয়ে কথা বলেন। এ বিষয়ে নির্জন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আনিসুর রহমানের সঙ্গে পরামর্শ করতে গেলে আসামি রাজ্জাকের নির্দেশে রিয়াদুল ও সায়েম তাকে চেয়ার দিয়ে আঘাত করেন। এতে তিনি পিঠে ও বুকে গুরুতর আঘাত পান। একপর্যায়ে রাজ্জাক সুইচ গিয়ার চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে নির্জনের মুখমণ্ডলে আঘাত করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
আজ শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক আরমান আলী আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত শুনানি শেষে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

