নিজস্ব প্রতিবেদক, মোরেলগঞ্জ | ২৭ ফেব্রুয়ারি ২০২৬
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় জুলাই বিপ্লবের শহীদ মাহফুজুর রহমানের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হরতকিতলা গ্রামে এই ঘটনা ঘটে। হামলায় শহীদের বোনসহ পরিবারের অন্তত তিনজন আহত হয়েছেন।
শহীদ মাহফুজুর রহমানের বাবা আব্দুল মান্নান হাওলাদার অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে তার ভাই আলতাফ হাওলাদারের ছেলেরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। হামলাকারীরা বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। হামলায় শহীদ মাহফুজের বোন রহিমা খাতুনসহ পরিবারের তিনজন সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে শাহিন হাওলাদারকে (৩৫) গুরুতর অবস্থায় মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তবে হামলার বিষয়টি অস্বীকার করেছেন আব্দুল মান্নানের ভাই আলতাফ হাওলাদার। তার দাবি, শহীদের বাবা হওয়ার প্রভাব খাটিয়ে আব্দুল মান্নান এলাকায় আধিপত্য বিস্তার করছেন। তিনি পাল্টা অভিযোগ করেন যে, গত বৃহস্পতিবার আব্দুল মান্নান লোকজন নিয়ে তার বাড়িতে হামলা চালিয়েছিলেন এবং আজকের ঘটনায় তার ছেলেরাও মারধরের শিকার হয়েছে।
জুলাই শহীদের বাড়িতে হা’মলা, লুটপাট

