নিজস্ব প্রতিবেদক | ঢাকা বাংলাদেশ পুলিশের নবনির্ধারিত ইউনিফর্ম নিয়ে মাঠপর্যায়ের সদস্যদের মধ্যে তীব্র অসন্তোষ ও অস্বস্তি সৃষ্টি হয়েছে। তড়িঘড়ি করে নেওয়া এই পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না বাহিনীর সিংহভাগ সদস্য। তারা পুনরায় পুলিশের পুরনো ও ঐতিহ্যবাহী পোশাকে ফিরে যাওয়ার জোর দাবি জানিয়েছেন।মাঠপর্যায়ের সদস্যরা বলছেন, নতুন ইউনিফর্মের রঙ ও নকশা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের ব্যঙ্গ-বিদ্রূপ তাদের মানসিকভাবে বিড়ম্বনায় ফেলছে।
এছাড়া, অন্য কিছু শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাকের সঙ্গে এই নতুন ইউনিফর্মের হুবহু মিল থাকায় সাধারণ মানুষের পক্ষে পুলিশকে আলাদাভাবে চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে।সোমবার রাতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার যখন এই পোশাক নির্বাচনের সিদ্ধান্ত নেয়, তখন পুলিশ সদস্যদের মতামত, গায়ের রঙ এবং দেশের আবহাওয়াকে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে।
কোনো প্রকার জনমত যাচাই ছাড়া নেওয়া এই সিদ্ধান্ত বাহিনীর দীর্ঘদিনের শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতীকের পরিপন্থী বলে তারা মনে করেন।পুলিশ সদস্যদের দাবি, বাহিনীর মনোবল চাঙ্গা রাখতে এবং নিজস্ব স্বকীয়তা বজায় রাখতে অতিদ্রুত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে পুরনো পোশাকে ফিরে যাওয়া হোক।

