সিলেটে কেন্দ্রে জালভোটের অভিযোগে উত্তেজনা, হাতাহাতি

Infobangla প্রতিবেদন

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের একটি ভোটকেন্দ্রে রাতেই জালভোট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার রাত ১১টার দিকে বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মৈশাষী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক অভিযোগ করেন, ১১-দলীয় জোটের প্রার্থীর পক্ষে রাতে কেন্দ্রে ঢুকে জালভোট দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “রাত ১১টায় প্রিসাইডিং অফিসারসহ সিল মারা শুরু হয়েছে—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

স্থানীয় বাসিন্দাদের দাবি, পূর্ব গৌরীপুর ইউনিয়ন জামায়াতের আমির তারিকুল ইসলামসহ কয়েকজন ব্যক্তি কেন্দ্রে প্রবেশ করলে সেখানে অবস্থানরত বিএনপি নেতাকর্মীরা তাদের ঘেরাও করেন। একপর্যায়ে প্রিসাইডিং অফিসারের কার্যালয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

অন্যদিকে, ১১-দলীয় জোট মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুসলেহ উদ্দীন রাজু অভিযোগ অস্বীকার করে বলেন, “এটি একটি পরিকল্পিত ঘটনা। আমাদের এজেন্টদের কার্ড দেওয়ার কথা বলে ডেকে এনে মিথ্যা জালভোটের অভিযোগে হেনস্থা করা হয়েছে।” তিনি আরও জানান, কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং ফুটেজ পর্যালোচনার মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে বলে তিনি আশা করেন।

এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান Infobangla-কে জানান, ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত, সেনাবাহিনী, বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। “ঘটনার বিস্তারিত এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে,” বলেন তিনি।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রশাসন জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *