Desk Report | InfoBangla

যশোরের মনিরামপুরে পোষা একটি বিড়ালকে পিটিয়ে হত্যা ও আরেকটিকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ করেছেন জিল্লুর রহমান নামে এক ব্যক্তি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চালকিডাঙ্গা বাজার এলাকার ব্যবসায়ী জিল্লুর রহমানের মেয়ে সুরাইয়া আক্তার বৃষ্টির পোষা দুটি বিড়াল শুক্রবার দুপুরে প্রতিবেশী শামছুর রহমানের বাড়িতে চলে যায়। অভিযোগ রয়েছে, ওই সময় শামছুর রহমানের ছেলে মো. হীরা বিড়াল দুটিকে বেধড়ক মারধর করেন।

বিড়ালের চিৎকার শুনে বৃষ্টি এগিয়ে এসে দুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বৃষ্টি ও তার মা আহত বিড়াল দুটিকে নিয়ে মনিরামপুর থানায় যান। পুলিশ সেখান থেকে বিড়ালগুলোকে চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ অফিসে নেওয়ার পরামর্শ দেয়।

তবে শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় প্রাণিসম্পদ অফিসে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এ অবস্থায় একটি বিড়াল মারা যায়। পরে নিহত ও আহত বিড়াল দুটিকে মারধরের অভিযোগে বৃষ্টির বাবা জিল্লুর রহমান বাদী হয়ে মো. হীরার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ অস্বীকার করে মো. হীরা দাবি করেছেন, তিনি বিড়াল দুটিকে মারেননি।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version