নিজস্ব প্রতিবেদক | Info Bangla
খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন হল রোডের মসজিদ গলির একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে আজমুল হোসেন (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত আজমুল নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং ওই ভবনের একটি মেসে ভাড়া থাকতেন। শনিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে চুরির অভিযোগ তুলে আজমুলকে মেসে থাকা খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক কয়েকজন শিক্ষার্থী ছাদে নিয়ে যান। সেখানে তাকে বেধড়ক মারধর ও মাথার চুল কেটে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন আজমুল। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের স্বজনদের অভিযোগ, গভীর রাতে মারধরের একপর্যায়ে অভিযুক্তরা ফোনে আজমুলের পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত টাকা না পেয়ে কিছুক্ষণের মধ্যেই ফোন নম্বরটি বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে রাতেই চুয়াডাঙ্গা থেকে খুলনার উদ্দেশে রওনা হন পরিবারের সদস্যরা এবং ভোরে এসে আজমুলের মৃত্যুর সংবাদ পান।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, চুরির অপবাদ দিয়ে কয়েকজন যুবক আজমুলকে মারধর করে এবং রাত দেড়টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তবে মৃত্যুর আসল কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে গুঞ্জন রয়েছে এবং তারা এ বিষয়ে পরিষ্কার ধারণা দিতে পারছে না। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং পরিবার থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

