নিজস্ব প্রতিবেদক, পাবনা: পাবনার সুজানগর উপজেলায় রাজনৈতিক বিরোধের জেরে ইউনিয়ন ছাত্রলীগের এক নেতার বাড়িতে হামলা চালিয়ে তাকে ও তার ৭০ বছর বয়সী দাদাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে।
আহতরা হলেন—মানিকহাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী নভেদ মল্লিক (২৭) এবং তার দাদা আজগার মল্লিক (৭০)। এ ঘটনায় পরিবারের আরও একজন সদস্য আহত হয়েছেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, মানিকহাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী নভেদ মল্লিক আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ছিলেন। সম্প্রতি ঢাকায় গুলশানের একটি মিছিলে তিনি অংশ নিয়েছেন—এমন অভিযোগ তুলে স্থানীয় ছাত্রদল নেতা শিহাবের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র (রামদা ও চাপাতি) নিয়ে নভেদের বাড়িতে হামলা চালায়।
সন্ত্রাসীরা নভেদ মল্লিককে কোপাতে শুরু করলে তাকে বাঁচাতে এগিয়ে আসেন তার বৃদ্ধ দাদা আজগার মল্লিক। হামলাকারীরা দুজনকেই এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
এ ধরনের রাজনৈতিক প্রতিহিংসা ও বাড়িতে ঢুকে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যের ওপর হামলার ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও দলীয় মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার এই বর্বরোচিত ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে।

