অনলাইন ডেস্ক
বাংলাদেশে অনলাইন সাংবাদিকতার পথিকৃৎ এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের অন্যতম বলিষ্ঠ কণ্ঠস্বর, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন। সম্প্রতি যুক্তরাজ্য সফরকালে লন্ডনে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়। তবে সম্পূর্ণ সুস্থ অবস্থায় ব্যক্তিগত সফরে গিয়ে হঠাৎ তার এমন প্রয়াণে মৃত্যুর প্রকৃত কারণ ও পরিস্থিতি নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।
ঘনিষ্ঠ সূত্রের তথ্যমতে, গতকাল রাতে লন্ডনের একটি তার্কিশ রেস্তোরাঁয় নৈশভোজ করেন তৌফিক ইমরোজ খালিদী। খাবার খাওয়ার মাত্র ঘণ্টাখানেকের মধ্যেই তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসকেরা মস্তিষ্কে রক্তক্ষরণকে মৃত্যুর কারণ বললেও, পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক থাকা একজন মানুষের এভাবে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়া নিয়ে নানামুখী প্রশ্নের উদ্রেক হয়েছে।
এদিকে এই আকস্মিক বিয়োগে দেশের সংবাদমাধ্যম জগতে শোকের ছায়া নেমে এসেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন মুখপাত্র বলেন, “আসছে ২৩ অক্টোবর প্রতিষ্ঠানের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলাম আমরা। তৌফিক ভাই নিজে সব পরিকল্পনা করছিলেন। সব মিলিয়ে তিনি ছিলেন দারুণ উজ্জীবিত ও উদ্দীপ্ত।” দেশের ডিজিটাল সংবাদমাধ্যমের ভিত্তি স্থাপনকারী এই জ্যেষ্ঠ সাংবাদিকের অকাল প্রয়াণে পুরো সংবাদমাধ্যম পরিবার গভীরভাবে শোকাহত।
