নিজস্ব প্রতিবেদক | Info Bangla

কিশোরগঞ্জের কটিয়াদীতে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার হয়ে কারাবন্দি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক খাইরুল আমিন রুহুল সরকার (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং লোহাজুরী ইউনিয়নের দশপাখি গ্রামের মৃত উসমান গণির ছেলে।

কারাগার সূত্রে জানা যায়, শনিবার সকালে কিশোরগঞ্জ জেলা কারাগারে থাকা অবস্থায় খাইরুল আমিন হঠাৎ বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করেন। তাৎক্ষণিকভাবে কারা কর্তৃপক্ষ তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ওই দিন বিকালেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

প্রসঙ্গতঃ, গত ৭ সেপ্টেম্বর রাতে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় খাইরুল আমিন রুহুল সরকারকে গ্রেফতার করে কটিয়াদী মডেল থানা পুলিশ। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেলার নাশির আহমেদ জানান, কারাগারে থাকা অবস্থায় খাইরুল আমিনের বুকে ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে নিহতের পরিবার চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছে। খাইরুল আমিন রুহুল সরকারের বড় ভাই ও চর ঝাকালিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আমীন জানান, কারা কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে তারা দ্রুত সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার কথা বলা হলেও স্থানান্তরে প্রায় চার ঘণ্টা বিলম্ব করা হয়। তিনি অভিযোগ করেন, কারাবন্দি অবস্থায় তিনি টানা তিন দিন ধরে বুকে ব্যথার কথা জানালেও কারা কর্তৃপক্ষ সময়মতো প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেনি এবং ঢাকায় নেওয়ার পরও যথাযথ চিকিৎসা পাননি। সঠিক সময়ে চিকিৎসা দেওয়া হলে হয়তো তার শারীরিক অবস্থা এতটা সংকটাপন্ন হতো না বলে দাবি করেন তিনি।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version