বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপাল উপজেলায় নিজ বাবা-মায়ের ওপর হামলার প্রতিবাদ করায় আহাদ আহমেদ ইতু নামে এক ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাত করে হত্যা করার অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।
নিহত আহাদ আহমেদ ইতু রামপাল উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি রাজনৈতিক কোন্দলের জেরে তার বাবা-মায়ের ওপর হামলার ঘটনা ঘটে। নিজের পিতা-মাতার ওপর আক্রমণের ঘটনা মেনে নিতে না পেরে নিহত আহাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি প্রতিবাদী বার্তা প্রকাশ করেছিলেন। ফেসবুকে তিনি লেখেন, “আমার বাবা-মায়ের গায়ে যারা হাত তুলেছে, তাদের একটা কথা পরিষ্কার করে দিতে চাই—এই অন্যায় আমি চুপচাপ মেনে নেব না”। ওই পোস্টে তিনি আরও সতর্ক করে লেখেন, “অন্যায় করলে তার জবাব অবশ্যই দিতে হবে। এবার বিষয়টা আর চুপ করে বসে থাকার নয়”।
অভিযোগ উঠেছে, এই ফেসবুক পোস্ট ও প্রকাশ্যে প্রতিবাদের জেরে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের সন্ত্রাসীরা আহাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাকে একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শোকের ছায়া নেমে আসে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় টহল জোরদার করেছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
