নিজস্ব প্রতিবেদক | ইনফো বাংলা
রাজধানীর শাহবাগ সংলগ্ন এলাকা থেকে পৃথক দুটি স্থান থেকে আনুমানিক ৬৫ ও ৪৫ বছর বয়সী দুই ভবঘুর্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ঈদগাহের প্রধান ফটক সংলগ্ন ফুটপাত এবং কদম ফোয়ারা মোড় থেকে মরদেহ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সুপ্রিম কোর্ট সংলগ্ন ফুটপাত ও জাতীয় ঈদগাহ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ ও স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশ জানায়, মৃত ব্যক্তিরা ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং আনুমানিক অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ঢামেক মর্গে ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি মৃতদের পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিমকে বিষয়টি জানানো হয়েছে।
