নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা এবং তাঁর ভবিষ্যৎ অবস্থান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাময়িকী ‘দ্য ডিপ্লোম্যাট’-এর এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনাকে তাৎক্ষণিকভাবে বাংলাদেশে ফেরত পাঠানোর পরিবর্তে তাঁর দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করতে একটি নিরাপদ ও কূটনৈতিকভাবে গ্রহণযোগ্য সমাধান খুঁজছে নয়াদিল্লি। আর এই প্রক্রিয়ার অংশ হিসেবেই ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ রাখছে ভারত।
বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনার অবস্থানকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে এক ধরনের সংবেদনশীলতা তৈরি হয়েছে। একদিকে বাংলাদেশে তাঁর বিরুদ্ধে বিভিন্ন আইনি প্রক্রিয়া ও জবাবদিহির তীব্র দাবি রয়েছে, অন্যদিকে ঢাকার সঙ্গে বন্ধুত্বের ভারসাম্য বজায় রাখতেও সচেষ্ট রয়েছে মোদি সরকার। এই জটিল সমীকরণ থেকেই ইউরোপীয় মিত্রদের সম্পৃক্ত করে একটি মধ্যপন্থা খোঁজার চেষ্টা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আন্তর্জাতিক রাজনীতি ও দক্ষিণ এশিয়ার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, প্রতিকূল সময় পেরিয়ে বহু শীর্ষ নেতারই নাটকীয় ও গৌরবোজ্জ্বল প্রত্যাবর্তন ঘটেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সময়ের পালাবদলে সব বাধা ও চ্যালেঞ্জ অতিক্রম করে এক দিন দেশ ও জনগণের মাঝে শেখ হাসিনারও ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘটবে। এই সম্ভাব্য প্রত্যাবর্তন দক্ষিণ এশীয় ভূরাজনীতিতে এক নতুন এবং দূরপ্রসারী অধ্যায়ের সূচনা করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
