নিজস্ব প্রতিবেদক | Info Bangla

অবশেষে আওয়ামী সরকার বিরোধী আন্দোলনের শরিকদের অভিমান ভাঙানোর উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। সরকার গঠনের পাঁচ মাসের মাথায় আগামী ২০ জুলাই সন্ধ্যায় আন্দোলনকারী দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বিশেষ সৌজন্য সভা ও আপ্যায়নের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান জানান, নির্বাচনের পর রাষ্ট্র পরিচালনার নানা ব্যস্ততার কারণে প্রধানমন্ত্রী যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বসতে পারেননি। আগামী ২০ জুলাইয়ের বৈঠকের মাধ্যমে মূলত তাদের সঙ্গে মতবিনিময় করা হবে। এর মাধ্যমে দীর্ঘদিনের মিত্রদের সঙ্গে রাজনৈতিক ঐক্য আরও সুদৃঢ় হবে বলে মনে করছে বিএনপি।

নৈশভোজের বিষয়ে শরিক দলের কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে কথা বলে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। কোনো কোনো নেতা জানিয়েছেন তারা বিষয়টি ইতিমধ্যে অবগত, আবার কেউ কেউ বলছেন তারা এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানেন না।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এ প্রসঙ্গে বলেন, আমি অনানুষ্ঠানিকভাবে বিষয়টি জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র আসেনি।

যুগপৎ আন্দোলনের শরিক জোটের একজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, গত নির্বাচনে যেসব দল অংশ নিয়ে সংসদে কোনো আসন পায়নি, মূলত সেই দলগুলোর নেতাদের সঙ্গেই বসছেন প্রধানমন্ত্রী। নির্বাচনের পর অবমূল্যায়নের যে ক্ষোভ শরিকদের মাঝে তৈরি হয়েছিল, এই বৈঠকের মাধ্যমে সরকারপ্রধান হয়ত তাদের ভিন্ন কোনো উপায়ে মূল্যায়নের আশ্বাস বা উদ্যোগ নিতে পারেন।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version