নিজস্ব প্রতিবেদক | ঢাকা
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে ফেরার পথে তুরাগ নদীতে ট্রলারে হামলার ঘটনায় নিখোঁজ ৭ জনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বেঁচে ফেরা এক প্রত্যক্ষদর্শীর বয়ানে উঠে এসেছে সেই রাতের ভয়ানক ও লোমহর্ষক তথ্য।
ঘটনার বিবরণী থেকে জানা যায়, ছাত্রলীগের কিছু নেতাকর্মী ঢাকা বোট ক্লাবের সামনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ করে ট্রলারযোগে তুরাগ নদী দিয়ে ফিরছিলেন। ট্রলারটি ঘাটে পৌঁছালে তুরাগ থানার পুলিশ এবং বিএনপির নেতাকর্মীরা খবর পেয়ে চারপাশ থেকে তাদের ঘেরাও করে।হঠাৎ এই আকস্মিক ঘেরাও ও হামলার মুখে পড়ে জীবন বাঁচাতে ট্রলারে থাকা নেতাকর্মীরা নদীতে ঝাঁপিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের দাবি, যারা নদীতে ঝাঁপ দিয়েছিলেন, তাদের ওপর ঘাট থেকে বাঁশ এবং পাথর ছুড়ে নৃশংসভাবে আক্রমণ চালানো হয়।
এই ঘটনার পর থেকে ট্রলারে থাকা মোট ৭ জন নিখোঁজ হন। এ পর্যন্ত তুরাগ নদী থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ৪ জন এখনো নিখোঁজ । এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
