নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের মিরসরাইয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক নেতার বাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে।
শনিবার (৩০ মে) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের আবু নগর এলাকায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল্লাহ দিদারের বাড়িতে এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, ১০-১২ জনের একটি হামলাকারী দল সাইফুল্লাহ দিদারের বাড়িতে প্রবেশ করে। তারা ওই বাড়ির পাঁচজন ভাড়াটিয়ার কক্ষে ঢুকে আসবাবপত্র ভাঙচুর এবং বিভিন্ন মালামাল তছনছ করে।
ঘরের পানি সরবরাহের লাইন ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি এক হাজার লিটার ধারণক্ষমতার দুটি পানির ড্রামও ভেঙে ফেলা হয় বলে ভুক্তভোগীরা জানান।নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাড়াটিয়া ঘটনার বিবরণ দিয়ে বলেন ”শনিবার রাত ৯টার দিকে একই এলাকার বিএনপির কর্মী হিসেবে পরিচিত নাঈম, হাসান ও সাইদুলের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ আমাদের ঘরে ঢোকে।
কিছু বুঝে ওঠার আগেই তারা ফার্নিচার ভাঙচুর শুরু করে। এ সময় তারা আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়।”ঘটনার তীব্র নিন্দা জানিয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল্লাহ দিদার বলেন, ”আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি। অতীতে আমাদের এলাকায় কারও বাড়িঘরে হামলা-ভাঙচুরের মতো ঘটনা ঘটেনি। এবার সেই ন্যাক্কারজনক নজির স্থাপন হলো।
গত ৫ আগস্টের পরবর্তী সময়ে কিছু বখাটে ও মাদকসেবী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারাই এই হামলার সঙ্গে জড়িত।”এ বিষয়ে জানতে চাওয়া হলে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, এই হামলা ও ভাঙচুরের ঘটনাটি সম্পর্কে পুলিশ এখনো অবহিত নয়। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
