নিজস্ব প্রতিবেদক | Info Bangla
কুষ্টিয়ার মিরপুরে সেনাসদস্যদের বহনকারী একটি বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাসদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আজ রোববার (৩১ মে) বেলা সাড়ে ১২টার দিকে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়িয়া হাইস্কুলের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জিয়া বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি ব্র্যাক ব্যাংকে কর্মরত ছিলেন এবং তার বাড়ি ময়মনসিংহ জেলায়।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আহতদের সূত্রে জানা যায়, প্রশিক্ষণরত সেনাসদস্যদের বহনকারী একটি ভাড়া করা বাস বগুড়া থেকে খুলনার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে তালবাড়িয়া হাইস্কুলের সামনে পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা বিপরীতমুখী হিমেল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি বাসই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর পরই স্থানীয় জনতা, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক এক যাত্রীকে মৃত ঘোষণা করেন।আহত সেনাসদস্যরা জানান, তারা বর্তমানে সেনাবাহিনীর প্রশিক্ষণরত রিক্রুট। পবিত্র ঈদুল আজহার ছুটিতে বাড়িতে যাওয়ার পর ছুটি শেষে তারা খুলনার জাহানাবাদ সেনানিবাসে ফিরছিলেন। ভাড়া করা ওই বাসটিতে মোট ৪২ জন সেনাসদস্য ছিলেন। দুর্ঘটনায় তাদের কমবেশি সবাই আহত হয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, আহত সেনাসদস্যদের মধ্যে অন্তত ১০ জনকে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।এদিকে দুর্ঘটনার খবর পেয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান জেলার পুলিশ সুপার (এসপি) জসীম উদ্দীন। তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং সাংবাদিকদের জানান, আহত সেনাসদস্যরা নতুন রিক্রুট এবং তারা প্রশিক্ষণরত অবস্থায় রয়েছেন। দুর্ঘটনার কারণ ও এর পেছনে কারও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
