পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে আব্দুল মমিন নামের কৃষক দলের এক নেতার বাড়িতে নকল দুধ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে ১২টি ড্রামে সংরক্ষিত ৭৩০ লিটার বিষাক্ত জেলি, সয়াবিন তেল সদৃশ তরল পদার্থ এবং কৃত্রিমভাবে তৈরি করা নকল দুধ উদ্ধার করা হয়।

গত শনিবার উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়াা গ্রামে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী।

এসময় আব্দুল মমিন ও তার চাচাতো ভাই আল আমিন পালিয়ে গেলেও মমিনের বাবা আজিজুল হককে আটক করা হয়। আব্দুল মমিন বিলচলন ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সাংগঠনিক সম্পাদক। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছে।

এদিকে স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২০ আগস্ট আব্দুল মমিনের বাড়িতে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী নকল দুধ তৈরির অভিযোগে মমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এরপর দল থেকে তাকে সাময়িক বহিষ্কার। পরে আবেদনের প্রেক্ষিতে আবারও মমিনকে দলে ফেরানো হয়। সর্বশেষ শনিবার তার বাড়িতে অভিযান চালিয়ে আবারও নকল দুধ তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে।

চাটমোহর থানার ওসি গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই ও থানা পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী এই অভিযান পরিচালনা করেন। তবে মুলহোতা পালিয়ে গেছে। থানায় মামলা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে আব্দুল মমিনের বিরুদ্ধে নানা অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে চাটমোহর উপজেলা কৃষক দলের সভাপতি লিটন বিশ্বাস বলেন, এর আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে সে আবেদন করার কারণে আবারও দলে নেওয়া হয়। কোনো ব্যক্তির দায় দল নেবে না। তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply

Exit mobile version