নিজস্ব প্রতিবেদক, মিরপুর (কুষ্টিয়া)
কুষ্টিয়ার মিরপুরে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে পুলিশি হেফাজত থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে বিএনপি ও জামায়াতের পাঁচ নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ মে) রাতে মিরপুর থানায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার মিরপুর উপজেলার নওদা আজমপুর এলাকা থেকে রবিউল ইসলাম (৩৩) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। রবিউল ওই এলাকার রমজান আলীর ছেলে। তাকে আটকের পর রাতে থানায় গিয়ে নিজেদের দলীয় পরিচয় দিয়ে তদবির শুরু করেন বিএনপি ও জামায়াতের ৫ স্থানীয় নেতা। মাদক ব্যবসায়ীকে পুলিশের কাছ থেকে জোরপূর্বক ছাড়িয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে পুলিশ তাৎক্ষণিকভাবে ওই পাঁচজনকেও আটক করে থানা হেফাজতে নেয়।
আটককৃত ৫ জনের মধ্যে ৪ জন জামায়াত এবং ১ জন বিএনপি রাজনীতির সাথে জড়িত। তারা হলেন— সদরপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতা এনামুল হক (৪৫), সদরপুর ইউনিয়নে জামায়াত মনোনীত মেম্বার প্রার্থী আলাউদ্দিন (৪৩), সুজন আলী (৩৩), শফিকুল ইসলাম (২৫) এবং সাইদুল ইসলাম।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মিরপুর এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিউলকে আটকের পর তাকে ছাড়িয়ে নিতে বিএনপি ও জামায়াত পরিচয় দিয়ে এই ৫ ব্যক্তি থানায় তদবির করতে আসেন। মাদক নির্মূলে বাধার সৃষ্টি করায় তাদের আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে মাদক ব্যবসায়ীর পক্ষে তদবির করতে গিয়ে রাজনৈতিক নেতাদের আটকের ঘটনায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে। পুলিশের এই সাহসী ভূমিকাকে প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা এলাকা থেকে মাদকের মূল উৎপাটনে পুলিশের এমন আপোষহীন অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
