নিজস্ব প্রতিবেদক, রহনপুর: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার আসন্ন নির্বাচনকে সামনে রেখে আম কেন্দ্রিক এক ব্যতিক্রমী উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছেন মেয়র পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতা ও সাবেক কাউন্সিলর আশরাফুল হক (আশরাফুল ভেড়ী)। বিশেষ করে অনলাইন আম বিক্রেতাদের লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ‘আম কার্ড’ চালুর প্রতিশ্রুতি দিয়েছেন।

​মঙ্গলবার (৫ মে) সময় সংবাদের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে আশরাফুল হক তার এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, “আম আমাদের অঞ্চলের এক বিশাল সম্পদ। এই সম্পদ রক্ষা এবং এর বাণিজ্যিক প্রসারে যা যা করা প্রয়োজন, তার সবকিছুই করা হবে।”

​রহনপুর পৌর বিএনপির সাবেক এই যুগ্ম আহ্বায়ক জানান, বর্তমানে প্রচুর তরুণ উদ্যোক্তা অনলাইনের মাধ্যমে আম কেনাবেচা করছেন। কিন্তু অনেক সময় ক্রেতা ও বিক্রেতার মধ্যে আস্থার সংকট তৈরি হয়। তিনি নির্বাচিত হলে পৌরসভার পক্ষ থেকে নিবন্ধিত অনলাইন বিক্রেতাদের বিশেষ ‘আম কার্ড’ প্রদান করবেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো আম বিক্রেতা ও ক্রেতার মধ্যে শতভাগ আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতারণা রোধ করা।

​পৌরসভার উন্নয়ন ভাবনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আমের রাজধানীখ্যাত এই অঞ্চলের প্রধান অর্থকরী ফসল আমকে ঘিরে রহনপুরকে একটি আধুনিক ও ব্যবসা-বান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি বর্তমানে নিয়মিত গণসংযোগ ও বিভিন্ন উন্নয়নমূলক প্রচার চালিয়ে যাচ্ছেন।

​উল্লেখ্য, আশরাফুল হক ইতিপূর্বে রহনপুর পৌরসভার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের পরিচিত মুখ। আম ব্যবসার আধুনিকায়ন ও উদ্যোক্তাদের কল্যাণে তার এই নতুন প্রস্তাব ইতিমধ্যে স্থানীয় আম সংশ্লিষ্ট মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

Leave A Reply

Exit mobile version