নিজস্ব প্রতিবেদক | ঢাকা

​রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, গুলি, জিহাদি বই, ড্রোন, বিস্ফোরক দ্রব্য এবং সামরিক পোশাক উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) ও আবু বক্কর (২৫)। এদের মধ্যে ইমরান ও মোস্তাকিম আপন ভাই।

​পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাত ৩টা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত পৃথক অভিযানে তাদের আটক করা হয়। মামলার এজাহার অনুযায়ী, কামরাঙ্গীরচরের কয়লাঘাট এলাকা থেকে প্রথমে ইমরানকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জের জিয়ানগর থেকে মোস্তাকিম এবং কামরাঙ্গীরচরের রসুলপুর এলাকা থেকে রিপন ও আবু বক্করকে গ্রেপ্তার করে ডিবি।

​প্রাথমিক তদন্তে পুলিশ সন্দেহ করছে, গ্রেপ্তারকৃতরা মিয়ানমারভিত্তিক সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সঙ্গে জড়িত। উদ্ধারকৃত সামরিক পোশাকগুলো আরসার আদলে তৈরি বলে ধারণা করা হচ্ছে। তবে ডিবির একটি সূত্র জানিয়েছে, পাকিস্তানভিত্তিক সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ডিবি জানায়, গ্রেপ্তারকৃতরা রাজধানীতে বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ও গুপ্ত হামলার পরিকল্পনা করছিলেন।

​বুধবার সন্ত্রাসবিরোধী আইনে কামরাঙ্গীরচর থানায় মামলা দায়েরের পর আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

​বিকেলে ডিএমপি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃতরা বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত থেকে কার্যক্রম চালিয়ে আসছিলেন। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানা যাবে।” উগ্রবাদীদের তৎপরতা বৃদ্ধি প্রসঙ্গে তিনি আরও জানান, যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version