নিজস্ব প্রতিবেদক:
যশোরে সাধারণ তেলের সিরিয়াল, কিন্তু তা থেকেই বেঁধে গেল লঙ্কাকাণ্ড! যশোরের চৌগাছায় তেল পাম্পে সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে রাজপথের দুই সহযোগী সংগঠন যুবদল ও ছাত্রদলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর দেড়টার দিকে চৌগাছা পৌর এলাকার আর এস ফিলিং স্টেশনে ঘটে যাওয়া এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলা পরিষদ ও থানা সংলগ্ন আর এস ফিলিং স্টেশনে তেল নিতে যান নেতাকর্মীরা। সেখানে সিরিয়াল আগে-পরে হওয়া নিয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রিয়াদ হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য বাবু’র মধ্যে প্রথমে তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। মুহূর্তের মধ্যেই সেই বাকবিতণ্ডা রূপ নেয় হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায়।
উভয় পক্ষের সমর্থকরা ঘটনাস্থলে জড়ো হলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে গুরুতর আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন: যুবদল নেতা রিয়াদ হোসেন, কর্মী শামীম হোসেন (২৭), কাজল (৩৮), টনি (৩৩) ও ছাত্রদল কর্মী বাবু।
এছাড়া স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সংঘর্ষে আরও অন্তত ৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পৌরসভার প্রধান জনপদে এই অতর্কিত সংঘর্ষে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

