Headlines

​কারাগারে বিনা চিকিৎসায় ধুঁকছেন সাবেক ছাত্রনেতা তুহিন: পায়ের পুরনো ক্ষতে পঁচন

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী

​রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল তুহিন বর্তমানে কারাগারে গুরুতর অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন। রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় কারাবন্দী তুহিন সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। ফলে অতীতে রাজনৈতিক প্রতিপক্ষের নৃশংস নির্যাতনের শিকার হওয়া সেই পুরনো ক্ষতস্থানে নতুন করে পঁচন ধরতে শুরু করেছে।

​সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, তুহিনের পায়ের আঘাতের স্থানটি মারাত্মকভাবে সংক্রমিত। ক্ষতস্থান থেকে রক্ত ও পুঁজ বের হওয়ার উপক্রম হয়েছে, যা থেকে পঁচনের আলামত স্পষ্ট। এই অবস্থায় জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার প্রয়োজন থাকলেও এখন পর্যন্ত যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। তৌহিদ আল তুহিনের আইনজীবীরা তার শারীরিক অবস্থার কথা উল্লেখ করে আদালতে একাধিকবার জামিনের আবেদন করলেও তা নামঞ্জুর করা হয়েছে। বর্তমানে বিনা চিকিৎসায় তিনি কারাগারে ধুঁকছেন, যা তার জীবনের জন্য বড় ঝুঁকি তৈরি করছে।

​উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি চলাকালীন তুহিন ছাত্রশিবিরের ক্যাডারদের হাতে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিলেন। সে সময় তার হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়েছিল। সেই দুঃসহ স্মৃতির পুরনো গভীর ক্ষতগুলোই বর্তমানে সঠিক যত্নের অভাবে পচনশীল অবস্থায় রূপ নিয়েছে। তুহিনের এই সংকটময় মুহূর্তে রাজশাহীসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। অবিলম্বে মানবিক কারণে তাকে বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর এবং সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *