Headlines

সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতাকে তুলে নিয়ে কুপিয়ে ও রগ কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক, সীতাকুণ্ড

চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে মোহাম্মদ শামীম (৩৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে ও পায়ের রগ কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৮ এপ্রিল) রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের মধ্য ভাটেরখিল এলাকায় এ ঘটনা ঘটে।

​নিহত শামীম সীতাকুণ্ড পৌরসভার শিবপুর এলাকার আবুল মনসুরের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

​পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে শামীম আত্মগোপনে ছিলেন। বুধবার সন্ধ্যায় তিনি মুরাদপুর ইউনিয়নে তার শ্বশুরবাড়িতে যান। রাত ৮টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী ওই বাড়িতে হানা দেয়। তারা শামীমকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং বেড়িবাঁধ তালতলা এলাকায় নিয়ে কুপিয়ে ও পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে যায়।

​নিহতের ভাই মো. সেলিম অভিযোগ করে বলেন, “আমার ভাই অভাব-অনটনের কারণে কষ্টে দিন কাটাচ্ছিলেন। বুধবার তার স্ত্রী কিছু স্বর্ণ বন্ধক রেখে টাকা নিয়ে বাপের বাড়িতে যান, শামীমও সেখানে দেখা করতে গিয়েছিলেন। স্থানীয় জাফর ও ইরানের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি সন্ত্রাসী দল তাকে তুলে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।”

​সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ইতোমধ্যে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে আটককৃতদের নাম এই মুহূর্তে প্রকাশ করা হচ্ছে না। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *